প্রাইভেটকার-কৃষি মন্ত্রণালয়ের গাড়ির সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের রাজনগরের চৌধুরী বাজার এলাকায় প্রাইভেট কার ও কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি পাজেরোর মুখোমুখির সংঘর্ষে কারচালক জাকির হোসেন (৩০) নিহত হয়েছেন।

রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জাকির কমলগঞ্জ উপজেলার ঘোরামারা গ্রামের বাসিন্দা।

সংঘর্ষে প্রাইভেটকার থাকা চিকিৎসক কাইয়ুম উদ্দীন, পাজেরো চালক আব্দুল আহাদ ও আরোহী নারী আব্দুন নাহার আহত হয়েছেন।

আহতদের মধ্যে কাইয়ুম উদ্দীনের বাড়ি কমলগঞ্জের আদমপুরের কান্দিগাঁও গ্রামে ও বাকি দুজনের বাড়ি গাজীপুরে বলে জানা গেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কমলগঞ্জের চিকিৎসক কাইয়ুম উদ্দীন প্রথম রমজান উপলক্ষে সিলেটের বাসার থেকে প্রাইভেটকারে ফিরছিলেন নিজ গ্রামের বাড়ি কমলগঞ্জে। রাজনগর-সিলেট আঞ্চলিক মহাসড়কের চৌধুরী বাজার এলাকার আসা মাত্র বিপরীতমুখী দ্রুতগামী একটি পাজেরোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুই গাড়ির ধাক্কায় প্রাইভেট কারের সামনে বসা চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান।

আরও জানা যায়, এ সময় প্রাইভেটকার বসা কাইয়ুম উদ্দীন ও অপর পাজেরো চালক আব্দুল আহাদ ও আরোহী নারী আব্দুন নাহার আহত হন। আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে রাজনগর ও  মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস দল নিহত চালকের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত গাড়ি চালকের বাড়ি কমলগঞ্জের ঘোরামারায় চলছে শোকের মাতম। স্ত্রী সন্তানদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। প্রতিবেশীরা স্ত্রীকে সান্ত্বনা দিতে দেখা যায়।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত জাকির দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে এ চিকিৎসকের গাড়ি চালাচ্ছেন। আজ (রবিবার) বাড়ি ফেরার কথা ছিল। লাশ দাফনের জন্য পরিবার থানায় যোগাযোগ করেছেন।’

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’