সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাহে রমজানেও শান্তিতে দিন কাটানো সম্ভব হচ্ছে না। প্রতিটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সরকার এই দাম নিয়ন্ত্রণ করতে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
রবিবার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ভেবেছিলাম রমজানে দ্রব্যমূল্য কমবে, না কমলেও অন্তত বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।’
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আমরা দল ও জনগণের পক্ষ থেকে করেছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপি গ্যাসের দাম আবারও বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থান করছেন। রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।’
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।
শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী ১২ এপ্রিল গুলশানে হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে, ২০ এপ্রিল গুলশানের হোটেল লেকশোরে রাজনৈতিক নেতাদের সম্মানে ও ২৮ এপ্রিল লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি।’