গ্রাহাম গুচের ৩৭ বছরের রেকর্ড ভাঙলেন ইনজামামের ভাতিজা

লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষে ওয়ানডেতে ম্যাচজয়ী ইনিংস খেলেন ইমাম-উল-হক। এই ইনিংস খেলে একটি রেকর্ডও গড়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার ইনজামাম-উল-হকের ভাতিজা।

২৬ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার অজিদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে করেন দুই সেঞ্চুরি। প্রথম ম্যাচে ১০৩ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন ১০৬। শনিবার তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ করেন অপরাজিত ৮৯ রান।

২-১ ব্যবধানে পাকিস্তানের সিরিজ জয়ের পথে ২৯৮ রান করেন ইমাম। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সর্বোচ্চ। তিন ম্যাচ তিনশ’ ছুঁইছুঁই রানের সংগ্রহে ইমাম ভেঙে দিয়েছেন গ্রাহাম গুচের ৩৭ বছরের পুরোনো রেকর্ড।

১৯৮৫ সালে অজিদের বিপক্ষে সিরিজে ২৮৯ রান করেছিলেন সাবেক ইংলিশ ব্যাটার। যা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন তিন ওয়ানডে সিরিজে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। লাহোরে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৯ রান বেশি নিয়ে গুচের সেই রেকর্ড ভাঙলেন ইমাম।

সেই সঙ্গে আরেকটি মাইলফলকেও পা রেখেছেন পাকিস্তানি ওপেনার। হাশিম আমলার রেকর্ড ভেঙে ওয়ানডেতে দ্রুততম ৯ সেঞ্চুরির রেকর্ড এখন তার।