ছক্কায় স্মরণীয় জয় সিটির

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয় স্মরণীয় করে রাখল সিটি ক্লাব। স্মরণীয় জয়টি এনে দিলেন শাহরিয়ার আলম। এই বোলারের এক ছক্কায় শ্বাসরুদ্ধকর জয় তুলেছে সিটি। ২৪১ রানের লক্ষ্যে ছুটে শেষ ওভারেই উইকেট হারায় তারা। জয়  পেতে তখনো ২ রান বাকি, হাতে তিন বল। বাঁহাতি পেসার শাহরিয়ার এক বল দেখলেন। পরের বলেই সপাটে চালিয়ে তুলে নিলেন ছক্কা। আর তাতে এক বল আগে ১ উইকেটের স্মরণীয় জয় পেয়েছে সিটি। খেলাঘর আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪১ রান তুলেছে আর সিটি ৪৯.৫ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান তুলে জয় নিশ্চিত করে।

দুই তলানির দলের লড়াইয়ে উত্তেজনার আভাস তেমন ছিল না। তবে কাল দিনের এই ম্যাচটিই হলো দুর্দান্ত। খেলাঘর অমিত হাসানের ৮৫ ও সালমান হোসেনের ৬৬ রানে ২৪১ তোলে। ছক্কা মেরে দল জেতানো শাহরিয়ার বল হাতেও ৩ উইকেট নেন। জবাবে জাকিরুল আহমেদ ও আশিক-উল-আলম যথাক্রমে ৭২ ও ৭৪ রানে সিটির জয় সহজ করেন। এতে খেলাঘর ৬ ম্যাচ পরও জয়শূন্য থাকল।  

একই রকম রোমাঞ্চকর ম্যাচ হয়েছে মিরপুরেও। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে শেষ ওভারে ১ উইকেটে জিতেছে শাইনপুকুর। আগে ব্যাট করে রূপগঞ্জ ফজলে মাহমুদ রাব্বির ৫২, ফরহাদ রেজার ৩০ ও জাকির হোসেনের ৩১ রানে ১৭২ রান তোলে। জবাবে সিকান্দার রাজার ৪৮, তাসামুল ২২, আলাউদ্দিন ২২, সাজ্জাদুল ২৭, রিপন ম-লের ২৮ রানে ২ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে শাইনপুকুর।

দিনের সবচেয়ে সহজ ম্যাচ জিতেছে শেখ জামাল। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আগে বল করা শেখ জামাল মৃত্যুঞ্জয়ের ৩ ও জিয়াউর রহমানের ৩ উইকেটে গাজীকে ১৫৭ রানে আটকে দেয়। জবাবে সৈকত আলির ৭৭ ও সাইফ হাসানের ৫২ রানে সহজ জয় পায় জামাল। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে আবাহনীকে টপকে তালিকার দুইয়ে উঠেছে দলটি।