ঘুড়ি ওড়াতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে কাউসার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারসংলগ্ন পাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনা পূর্বধলা উপজেলার আহমেদের ৫ ছেলের মধ্যে সবার ছোট কাউসার। পরিবারের সঙ্গে ডেমরায় ওই বাড়িতেই থাকত। আগে পড়ালেখা করলেও বর্তমানে কিছু করত না সে।

শিশুটির বাবা আহমেদ জানান, তিনি ওই বাড়ির দারোয়ান হিসেবে চাকরি করেন। থাকেন নিচতলাতেই। সকালে অন্য দুই ছেলের সঙ্গে কাউসার বাড়িটির পাঁচতলার ছাদে গিয়েছিল ঘুড়ি ওড়াতে। নির্মাণাধীন বাড়িটির ছাদ থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় সে। পরে অন্য ছেলেদের চিৎকার শুনে ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা শিরিনা বেগম জানান, ভোররাতে পরিবারের সবার সঙ্গে সাহরি খায় কাউসার। আজ প্রথম রোজাটি রাখবে বলেছিল।