জয়পুরহাটে নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় হালিমুর রশীদ (৬৫) নামে এক প্রকৌশলী মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টায় জয়পুরহাট-বগুড়া সড়কের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমুর রশীদ জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকার তৈমুর রহমানের ছেলে। তিনি সাবেক পাঁচবিবি উপজেলা এলজিইডির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকৌশলী হালিমুর রশীদ হাউজিং এস্টেট এলাকায় নিজ বাড়িতে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাস টার্মিনাল মসজিদে যান।
নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারের সময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হালিমুর রশীদকে ধাক্কা দেয়। তিনি গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ওসি আলমগীর জাহান।