যমুনাসহ ৪ নদীর পানি বৃদ্ধি, শাহজাদপুরে ডুবল ২০০ বিঘার বোরো ধান

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার যমুনা, করতোয়া, বড়াল ও হুড়াসাগর নদীতে হঠাৎ গত ৩ দিন ধরে পানি বৃদ্ধি শুরু হয়েছে।

ফলে এসব নদীর তীরবর্তী ২০০ বিঘা নিচু জমির বোরো ধান ডুবে গেছে। উপজেলার কৈজুরি, সোনাতনী, গালা ও জালালপুর ইউনিয়নের চরাঞ্চলের নিচু জমির কাঁচা ও আধা পাকা ধান সবচেয়ে বেশি ডুবেছে। অনেকে পানিতে ডুব দিয়ে কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছে। অনেকে আবার আধা পাকা ধান মাড়াই করে কিছুটা চাল বের করার চেষ্টা করছে।

এ ছাড়া এ পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী চিল, বাদান ও কাউনির জমি ডুবে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সানাতনী গ্রামের জিয়া উদ্দিন, নূর ইসলাম,বাদশাহ মিয়া, ইব্রাহিম হোসেন, ছোট চানতারা গ্রামের খোরশেদ আলম ও বানতিয়ার গ্রামের অয়জাল সরকার, হোসেন আলী ও আলম শেখ বলেন, হঠাৎ নদীতে পানি বৃদ্ধির ফলে আমাদের এ এলাকার অন্তত ১০০ বিঘা জমির ধান ডুবে গেছে। ফলে অনেকেই কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছে। এতে কৃষকের চরম ক্ষতি হয়ে গেছে।

তারা আরও জানান, এ ফসল উঠলে তারা অর্ধেক বছরের খরচ ও খাওয়ার চাহিদা পূরণ করতো। এটা ডুবে যাওয়ায় তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বলেন, হঠাৎ পানি বৃদ্ধির ফলে শাহজাদপুরে প্রায় ২০০ বিঘা বোরো ধান ডুবে গেছে। এর মধ্যে ১১৫ বিঘা জমির ধান সম্পূর্ণ ও ৭৫ বিঘা জমির ধান আংশিক ডুবে গেছে। এতে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা হয়নি।