সেনাপ্রধানের সঙ্গে বিরোধই কাল হল ইমরান খানের

অতীতের মতো এবার সরাসরি সেনা অভ্যুত্থান দেখেনি পাকিস্তান। দেশ জুড়ে প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেখা যায়নি উর্দিধারীদের দাপাদাপি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের বিদায় স্পষ্ট হতেই নতুন করে আলোচনায় চলে আসছে সেনাবাহিনীর নেপথ্য ভূমিকা।

পাকিস্তানি সেনাবাহিনীর তরফে অবশ্য ইতিমধ্যেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, চলমান রাজনৈতিক টানাপড়েনের অংশীদার হবে না তারা। সেনাবাহিনীর ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইসিপিআর)-এর ডিরেক্টর মেজর জেনারেল বাবর ইফতিখার সোমবার বলেন, ‘স্পষ্ট ভাবে জানাচ্ছি, বর্তমান রাজনৈতিক ঘটনাপ্রবাহে সেনাবাহিনীর কোনও ভূমিকা নেই’।

যদিও গুঞ্জন তাতে থামছে না। ঘটনাচক্রে, ইমরান খান সেনাপ্রধান পদে কামার জাভেদ বাজওয়ার মেয়াদ দ্বিতীয় বার বাড়াতে রাজি না হওয়ার ইঙ্গিত দেওয়ার পরই তার বিরুদ্ধে বিরোধী জোটের তৎপরতা বেড়েছে। বস্তুত, গত দুসপ্তাহে যে ভাবে একের পর এক সহযোগী দল ইমরানের ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)-এর সঙ্গ ছেড়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর ‘ভূমিকা’ ছাড়া তা সম্ভব নয় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের সময় ইমরান খানের দলকে খোলাখুলি মদত জুগিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। তা নিয়ে সে সময় পাকিস্তান মুসলিম লীগ (এন), পাকিস্তান পিপলস পার্টির মতো দলগুলো প্রকাশ্যে অভিযোগও জানিয়েছিল।

২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান পদে নিযুক্ত হয়েছিলেন জেনারেল বাজওয়া। ২০১৯-এর আগস্টে প্রধানমন্ত্রী ইমরান খান তিন বছরের জন্য সেনাপ্রধান পদে তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন। আগামী নভেম্বরে সেই সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু ইমরান খান এবার আর তার মেয়াদ বাড়াবেন না বলে ইঙ্গিত দিয়েছেন।

গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ডিজি পদে নিয়োগ ঘিরে মতবিরোধের জেরে বাজওয়ার মেয়াদ দ্বিতীয় বার না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান।

প্রধানমন্ত্রী ইমরানের সুপারিশে ২০১৮-র জুনে আইএসআই-এর ডিজি পদে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে নিয়োগ করেছিলেন জেনারেল বাজওয়া। গত নভেম্বরে তিনি হামিদকে সরিয়ে আইএসআই-এর দায়িত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুমকে। যদিও ইমরান চেয়েছিলেন হামিদকে বহাল রাখতে।

পরে একটি সাক্ষাৎকারে আইএসআই প্রধান নিয়োগ নিয়ে বাজওয়ার সঙ্গে তার মতবিরোধের কথা স্বীকারও করেছিলেন ইমরান খান।