সাংহাইয়ের ২ কোটি ৬০ লাখ বাসিন্দার করোনা পরীক্ষা

সাংহাইয়ের ২ কোটি ৬০ লাখ বাসিন্দার সবার কভিড-১৯ পরীক্ষা সম্পন্নে সহায়তা করতে সামরিক বাহিনী ও কয়েক হাজার স্বাস্থ্যকর্মীকে শহরটিতে পাঠিয়েছে চীনের কর্র্তৃপক্ষ। একে জনস্বাস্থ্য বিষয়ে চীনের অন্যতম বৃহত্তম পদক্ষেপ বলছে এএফপি। শহরটির কিছু বাসিন্দা গতকাল সোমবার ভোরে উঠে তাদের আবাসিক কম্পাউন্ডে আসা স্বাস্থ্যকর্মীদের নিউক্লিক অ্যাসিড পরীক্ষার জন্য সোয়াব দেয়। তাদের অনেকেই লাইনে পরস্পর থেকে দুই মিটার দূরত্বে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

চীনের সশস্ত্র বাহিনীর সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, গণমুক্তি ফৌজ সেনাবাহিনী, নৌবাহিনী ও যৌথ লজিস্টিক সহায়তা বাহিনীগুলোর ২ হাজারেরও বেশি চিকিৎসা কর্মীকে সাংহাইয়ে পাঠিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, রাজধানী পেইচিং এবং জাংসু ও ঝেজিয়াংসহ কয়েকটি প্রদেশ থেকে ১০ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী সাংহাইয়ে গিয়েছেন। সুটকেটসসহ মাস্ক পরা স্বাস্থ্যকর্মীরা হাইস্পিড ট্রেন ও উড়োজাহাজ থেকে সাংহাইয়ে নামছেন, গণমাধ্যমটিতে এমন ফুটেজ দেখানো হয়েছে।

উহানে প্রাথমিক কভিড-১৯ প্রাদুর্ভাব সামাল দেওয়ার পর থেকে এটিই জনস্বাস্থ্য বিষয়ে চীনের নেওয়া বৃহত্তম পদক্ষেপ। বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারী সৃষ্টি করা নভেল করোনাভাইরাস ২০১৯ সালের শেষদিকে উহানেই প্রথম শনাক্ত হয়েছিল।