স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের পর বিষপান প্রেমিকের

নরসিংদীর রায়পুরা উপজেলায় অন্যত্র বিয়ে মেনে নিতে না পেরে প্রেমিকাকে ছুরিকাঘাতের পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে রবিন মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র।

গতকাল সোমবার দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এবং রবিন উভয়ে দক্ষিণ মির্জানগর গ্রামের বাসিন্দা এবং দক্ষিণ মির্জানগর আসমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, মেয়েটির সঙ্গে রবিনের প্রেম ছিল। গত শুক্রবার মেয়েটিকে তার পরিবার অন্যত্র বিয়ে দেয়। বিষয়টি মেনে নিতে পারেনি রবিন। গতকাল দুপুরে বিদ্যালয় থেকে দুজনই বাড়ি ফিরছিল। পথে হঠাৎ দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিন মেয়েটির মুখে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই বিষপান করে। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়।

হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন জানান, হাসপাতালে দুজনেরই চিকিৎসা চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।