চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, গ্রেপ্তার ১

ভারতে উন্নত চিকিৎসার কথা বলে নিয়ে অসহায় মানুষের কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তার নাম মোছা. বিউটি বেগম। বাড়ি নাটোর জেলা সদরের কালীবাড়িতে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মেডিকেল ডকুমেন্ট ফাইল ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। গত রবিবার রাতে ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, চক্রের সদস্যরা নিরীহ লোকদের সুচিকিৎসার প্রলোভন দেখিয়ে জিম্মি করে দেশে-বিদেশে অবৈধভাবে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে আসছে। এমন অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিউটি বেগম নামে ওই নারীকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ফ্লাইট লে. (স্কোয়াড কমান্ডার) ফাতিন সাদাব অরণ্য জানান, গ্রেপ্তার ওই নারী মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রয়কারী প্রতারক চক্রের সদস্য। আশুলিয়া থানায় করা একটি মামলা সূত্রে ভুক্তভোগী আব্দুল কাশেমের (৩৪) তথ্য মেলে। তার বাড়ি জয়পুরহাটে। কাশেমকে চিকিৎসার নামে ভারতে নিয়ে অনুমতি ছাড়া তার বাম পাশের কিডনি বিক্রি করে দিয়েছে চক্রটি।