ব্যর্থতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি: কাদের

বিএনপি নেতারা নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল তাবোল বকছে।

মঙ্গলবার তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

‘সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে,’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন,  ‘এই ধরনের বক্তব্য সরকারের বিরুদ্ধে চিরাচরিত মিথ্যাচার। সরকারের বিরুদ্ধ কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না বলেই কিছু একটা বলতে হবে বলেই এসব নেতিবাচক মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে অপরাধীর রাজনৈতিক কোন পরিচয় নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ দেখেছে শেখ হাসিনা নিজ দলের সমর্থকরা, নেতারা অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি, আইনের গতিকে কোনো বাধাগ্রস্ত করেনি। শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হয়েছে নিজ দলের অনেক নেতা।

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোন অপরাধীকে গ্রেপ্তার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলেন এবং মিথ্যাচার করেন। তাহলে কি নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চান বিএনপি? অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।

অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোন দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না, এমন মন্তব্য করে তিনি বলেন, অপরাধীদের দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা তাদের দলেরই ক্ষতি হয়। দুধ কলা দিয়ে সাপ পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।