রামপুরায় আবাসিক হোটেল থেকে আদম ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানী ঢাকার রামপুরায় আবাসিক হোটেল থেকে ইকবাল হোসেন (৫০) নামে এক আদম ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকার ডিআইটি রোডের হোটেল আর ইসলাম এর ৫ম তলার ৪১০ নম্বর কক্ষের দরজা ভেঙে থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে হোটেলটির ৪১০ নম্বর রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় বিছানার ওপর শায়িত অবস্থায় ছিল মৃতদেহটি। মৃতদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার নাক মুখ দিয়ে ফেনা পড়ছিল।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সন্ধ্যায় হোটেলের রুমটিতে ভাড়া ওঠেন তিনি। তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ আজ বিকেলে থানায় খবর দেয়।

এসআই তাজুল বলেন, মোবাইল ফোনের সূত্র ধরে তার নাম ইকবাল হোসেন, বাবার নাম মোশার হোসেন খান বলে জানা যায়। বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার চরকখালি গ্রামে। বর্তমানে থাকতেন শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে।

ইকবাল পেশায় আদম ব্যবসায়ী ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।