যুক্তরাষ্ট্র মার্চের মাঝামাঝি সময়ে হাইপারসনিক বা শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তবে দুই সপ্তাহের জন্য তা গোপন রাখা হয়েছিল বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা।
প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর থাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওই খবর গোপন রাখা হয়।
ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একটি বি-৫২ বিমান থেকে ‘দ্য হাইপারসনিক এয়ার-ব্রিদিং ওয়েপন কনসেপ্ট (এইচএডব্লিউসি)’ নিক্ষেপ করা হয়। লকহিড মার্টিনের তৈরি এ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা এটি। ক্ষেপণাস্ত্রটি ৬৫ হাজার ফুট ওপর দিয়ে ৩০০ মাইল দূরত্ব অতিক্রম করেছে।
সিএনএন বলছে, খুব স্বল্পপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লাও প্রতি ঘণ্টায় ৩ হাজার ৮০০ মাইল। সে হিসাবে ক্ষেপণাস্ত্রটির ৩০০ মাইল যেতে ৫ মিনিটের কম সময় লাগার কথা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, রাশিয়ার কিনঝিল ক্ষেপণাস্ত্রের তুলনায় তাদের এইচএডব্লিউসি অনেক বেশি উন্নত এবং এর সামনের অংশে কোনো ওয়ারহেড বা বিস্ফোরক থাকে না। বরং লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে নিজের গতিশক্তি ব্যবহার করে এটি।