আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ঢাকার সাভার থেকে এক চিকিৎসককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তিন দিন পার হলেও তার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অপহৃত ওই চিকিৎসকের নাম ডা. এস আর নজরুল। তিনি সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টার ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন। নিখোঁজ নজরুলের স্ত্রী কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, গত শনিবার রাত ৯টার দিকে সাত-আটজন সাদা পোশাকের লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে বাজার রোডে অবস্থিত নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টার ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে প্রবেশ করে নজরুলকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে ওইদিন রাতেই ঘটনাটি জানিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিই। দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার মো. হাবিব উল্লা অভিযোগটি আমলে না নিয়ে বলেন, ‘আপনার স্বামীকে কে বা কারা তুলে নিয়ে গেছে নিশ্চিত হয়ে তারপর থানায় আসেন’। ঘটনার এক দিন পর গত রবিবার সকালে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক হাবিব উল্লা বলেন, ‘অপহরণের অভিযোগ নিয়ে এক নারী রাত ১১টার দিকে থানায় এসেছিলেন। অভিযোগের বর্ণনা পড়ে ঘটনাস্থলে দ্রুত একটি মোবাইল টিম পাঠানো হয়।’ ভুক্তভোগীর স্বামীকে কে বা কারা তুলে নিয়ে গেছে সেটা জেনে থানায় আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
জিডির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক আবদুল হক বলেন, গত রবিবার জিডি করা হলেও আমি হাতে পেয়েছি সোমবার। এর মধ্যে আমরা ওই হাসপাতালের আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।