খুন করে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে এক নারীকে খুন করে লাশ হাসপাতালে রেখে পালিয়েছিলেন স্বামী। গত সোমবার রাতে শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে খুন হন গৃহবধূ আয়শা আক্তার। গতকাল মঙ্গলবার অভিযুক্ত রেজ্জাক তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রেজ্জাকের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী আয়শার প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাত ৮টার দিকেও তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজ্জাক ধারালো অস্ত্র দিয়ে আয়শার পেটে ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। রেজ্জাক তখন নিজের অটোরিকশায় করে স্ত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে জরুরি বিভাগে রেখে পালিয়ে যান। 

শিবচর থানার এসআই সিদ্ধার্থ কুমার জানান, নিহত আয়শা বরিশালের আবদুল মান্নানের মেয়ে। রেজ্জাক তালুকদার পেশায় একজন অটোরিকশাচালক। একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে এ দম্পতির।

এসআই সিদ্ধার্থ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আয়শার লাশ রেখে রেজ্জাক ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। রাতেই নিহতের বাবা মান্নান খান রেজ্জাক তালুকদারের নাম উল্লেখ করে শিবচর থানায় একটি মামলা করেন।