সদ্য গ্রেপ্তার ইশরাক হোসেনের মুক্তি দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ইশরাক আওয়ামী প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার।
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তি দাবি করে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করার সময় পুলিশ বিনা উসকানিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে।
বিএনপি মহাসচিব বলেন, প্রচারপত্র বিলির মতো একটি কর্মসূচি থেকে ইশরাককে গ্রেপ্তারে আবারও প্রমাণিত হলো যে, এই সরকার চরম জুলুমবাজ। জনগণের তীব্র ক্ষোভের মুখে সরকার এখন নিপীড়নের পথ বেছে নিয়েছে। যতই দিন অতিবাহিত হচ্ছে ভোটারবিহীন সরকারের জিঘাংসার মাত্রা ততই ভয়াবহ রূপ ধারণ করছে। চারদিকে দুর্ভিক্ষের ন্যায় পরিস্থিতি বিরাজ করার কারণে জনগণকে দমনের জন্য হয়রানি, জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেপ্তার ইত্যাদিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী নিষ্ঠুর সরকার এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দেশের জনগণ এবং আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ংকর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতা–কর্মীদের ওপর। সে জন্যই দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বীভৎস বিকৃত রূপ ফুলে ফেঁপে উঠেছে। শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে উত্তরণে দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
ফখরুল বলেন, ইশরাক হোসেন একজন প্রতিবাদী বলিষ্ঠ তরুণ নেতা, তার সাহসী ভূমিকায় সরকার ভীত, তাই তিনি আওয়ামী প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হলেন। বিএনপি মহাসচিব অবিলম্বে প্রকৌশলী ইশরাক হোসেন এর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।