প্রমাণ হয়েছে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্ণা দেয়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্যে অনুরোধই প্রমাণ করে যে আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধর্ণা দেয়, বিএনপি নয়।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়েছেন, সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং যে ধর্ণা দিয়েছেন, অনুরোধ করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্যগুলো রাখেন, বিএনপি নাকি বিদেশিদের কাছে ধর্ণা দেয়। আজকে প্রকাশ্যে আমেরিকায় বসে, একেবারে সবার সামনে ধর্ণা দিচ্ছে। আজকে পরিষ্কার বিদেশিদের কাছে যারা ধর্ণা দেয় তারা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বন্ধু।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমেরিকার কাছে ধর্ণা দেওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশেই প্রথম কাজটি করুন। খালেদা জিয়াকে মুক্ত করুন। যতগুলো মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহার করুন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। একই সঙ্গে আপনারা পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এটা হলো আপনাদের প্রথম কাজ।’

সড়কে নিরাপত্তা দিতে সেতু মন্ত্রণালয় ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী প্রতিদিন অত্যন্ত ললিত ভাষায় কনফারেন্স করে থাকেন। কিন্তু তার মন্ত্রণালয় সবচেয়ে ভয়াবহভাবে ব্যার্থ হয়েছে ঢাকা শহরসহ সারাদেশে সড়কে নিরাপত্তা দিতে।’

বিএনপি চেয়ারপারসরন খালেদা স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব তার জন্য সবার কাছে দোয়া চান।

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।