ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন কারামুক্ত

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন কারামুক্ত হয়েছেন।

বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ওই কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি মামলায় গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার কারাগারে আসলে তা যাচাই-বাঁচাই শেষে বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে তাকে কারামুক্ত করা হয়।

গত বছর ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুর বাসা থেকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়। ওই বছর ১৫ সেপ্টেম্বর রাতে আরিফ বাকের নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ বাকের ও তার বন্ধুরা ওই বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন তারা। পণ্যগুলো সাত থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারির কথা ছিল। এ ছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ ছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়। সর্বশেষ ওই বছর ৫ সেপ্টেম্বর যোগাযোগ করে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন বাদী ও তার বন্ধুরা।

একপর্যায়ে ইভ্যালি পণ্য সরবরাহ কিংবা টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ার পর ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ধানমন্ডির অফিসে যান ভুক্তভোগীরা। এ সময় তারা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে সেখানে থাকা অফিসের কর্মীরা বাদী ও তার বন্ধুদের ওপর উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে অফিসের অভ্যন্তরে থাকা ইভ্যালির সিইও রাসেল উত্তেজিত হয়ে তার কক্ষ থেকে বেরিয়ে এসে বাদীসহ অন্যদের ভয়ভীতি দেখিয়ে পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান।

মামলার এজাহারে বাদী আরও বলেন, ইভ্যালির অফিসে তাকে ভয়ভীতি দেখানো ও হুমকিসহ দুর্ব্যবহার করা হয়, ফলে তিনি চরম আতঙ্কগ্রস্ত হয়ে দিনযাপন করছেন। এ ছাড়া পণ্যগুলো বুঝে না পাওয়ায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।