দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাসকিন আহমেদ। তিন ম্যাচে ৮ উইকেট নেন তিনি। শেষ ম্যাচে নেন ৫ উইকেট। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তিনি। ডারবান টেস্টে সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট। ইনজুরির কারণে গতকাল দেশে ফিরেছেন তিনি। পোর্ট এলিজাবেথে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে তিনি না খেলায় বোলিংয়ে কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে।
শেষ টেস্ট না খেলতে পারায় মন খারাপ হলেও একটা সুখস্মৃতি নিয়েই বাংলাদেশে ফিরেছেন তাসকিন। গতকাল বিমানবন্দরে নেমে তিনি বলেন, ‘অবশ্যই, এটা অন্যরকম একটা সিরিজ (ওয়ানডে)। সবসময় চেয়েছি বড় দলের বিপক্ষে জয়ে নিজের ভূমিকা রাখতে। আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। সামনে যাতে এরকম আরও বেশি সিরিজ জয় করতে পারি এটাই চাওয়া। দলগতভাবে আরও অনেক জয়ে আমার অবদান রাখতে চাই।’ চলতি আইপিএলের নিলামে কোনো দল পাননি তাসকিন। এতে কিছুটা মন খারাপ হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল জেতায় খুশি তিনি, ‘দেখেন একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলতে সবারই মন চায়, সবসময় মন চায়। যেহেতু দেশের খেলা ছিল ওই সময় তখন কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল খেলার সুযোগ হয়েছে। ম্যান অব দ্য সিরিজ, সিরিজ জয় ওইটা আইপিএলে না খেলার হতাশা পূরণ করে দিয়েছে। এখন যদি একটা টেস্ট জিততে পারি তাহলে সেটা আরও বেশি ভালো হবে।’ তিনি আরও বলেন, ‘এটা (পরের আইপিএলে প্রথম কলেই দল পাওয়া) নিয়ে আসলে আশা নেই। যদি হয় হবে না হলে নাই। কিন্তু দেশের হয়ে নিয়মিত খেলতে চাই।’