‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ প্রতিষ্ঠায় ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ। গতকাল বুধবার মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান কার্যপ্রণালী বিধিতে প্রস্তাব দিলে তা সাধারণ আলোচনার পর সর্বসম্মতিতে পাস হয়।

প্রস্তাবটি পাসের সময় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে জয় বাংলা স্লোগান দেন। প্রস্তাবের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, রফিকুল ইসলাম বীরউত্তম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান ফিজার, মুহাম্মদ ফারুক খান, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বিএনপির হারুনুর রশীদ, সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খান ও ফরিদা খানম বক্তব্য দেন। দুই বছর আগে হাইকোর্ট এক রায়ে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চারণের ওপর জোর দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে কার্যকরের নির্দেশ দেয়। এ রায়ের আলোকে গত ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান অনুমোদন দেয় মন্ত্রিসভা। আর ২ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।