প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ সরকার প্রবাসীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি গত মঙ্গলবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সে দেশের সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) আয়োজিত ২০২২ সালের বিশ্ব প্রবাসী (ডায়াসপোরা) সম্মেলনে বক্তৃতাকালে এ কথা বলেন। গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়।
ইমরান আহমদ বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স নয়, বরং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্ঞান ও দক্ষতা বিনিময়সহ জনকল্যাণমুখী কাজও করে থাকে; যা কর্মসংস্থান সৃষ্টিতে এবং আমাদের সামষ্টিক-অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অবদান রাখছে।’ তিনি প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার আহ্বান জানান।