সরকারি তহবিলের প্রায় সাড়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিরা হচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব এম রাহাতুল ইসলাম এবং সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছায়েদুর রহমান। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের তিনটি ব্যাংক হিসাব থেকে সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানের স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের বিপরীতে সাতটি চেক ইস্যু দেখান আসামিরা। ওই চেকের বিপরীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের টঙ্গী শাখা থেকে সরকারি তহবিলের ৮২ লাখ ৩৪ হাজার ৮২৮ টাকা বিভিন্ন সময় উত্তোলন করে আত্মসাৎ করেন।