শিক্ষা ছুটি না নিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের দায়ে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমানকে সতর্ক করেছে ঢাবি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট অধ্যাপক মো. মফিজুর রহমানকে সতর্ক করে চিঠিটি পাঠায়।
জানা গেছে, ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেন থেকে মিডিয়া স্টাডিজ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন অধ্যাপক মফিজুর রহমান। তবে এই ডিগ্রি অর্জনের জন্য তিনি নরওয়ে গেলেও তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেননি। বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরডিন্যান্স অ্যান্ড রেগুলেশন-১৯৭৩-এর লঙ্ঘন হওয়ায় এ বিষয়ে তার বিরুদ্ধে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে ছিলেন— আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।
ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলে সেটি নিয়ে এ বছরের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আলোচনা হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক মফিজুর রহমানকে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠিতে অধ্যাপক মফিজুর রহমানকে নিয়মনীতি পালনে যত্নশীল থাকার জন্য সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সই করা চিঠিতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে জানানো যাচ্ছে, আপনি নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণার কার্যক্রম বিষয়ে বিভাগকে অবগত ও অবহিত না করা এবং সম্পাদিত চুক্তির উল্লিখিত শর্ত লঙ্ঘন করে নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন বলে সিন্ডিকেট মনে করে, যা কোনোক্রমেই কাম্য নয়। ভবিষ্যতে যেন আপনি নিয়মনীতি পালনে যত্নশীল থাকেন, সে জন্য আপনাকে সতর্ক করা হলো।
এ বিষয়ে কথা বলতে অধ্যাপক মফিজুর রহমানকে কল দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।