রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ছিনতাই করে পালানোর সময় আহত হওয়া ইলিয়াস (৪৬) নামে এক ছিনতাইকারী মারা গেছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ইলিয়াসের বাড়ি ফরিদপুর ভাঙ্গা উপজেলার আলীগ্রামে। বাবার নাম মৃত আবু মোল্লা। ঢাকায় পরিবার নিয়ে সবুজবাগ বাসাবো এলাকায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলম জানান, ইলিয়াস তার নিজের সিএনজি অটোরিকশা নিয়ে আব্দুল জব্বার নামের একজনের সাথে মিলে ছিনতাই করত। গত ৪ এপ্রিল সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে রিকশা আরোহী ফাল্গুনী ইসলাম নামে এক নারীর ব্যাগ টান দেয় তারা। সে সময় অটোরিকশাটি চালাচ্ছিল ইলিয়াস। আর পেছনে বসে ব্যাগ টান দিয়েছিল জব্বার। পরে ওই নারীর চিৎকারে অটোরিকশা নিয়ে তারা দ্রুত পালানোর সময় রাস্তার পাশে থেমে থাকা আরেকটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে ইলিয়াস গুরুতর আহত হয় আর আব্দুল জব্বার সামান্য আহত হয়।
এসআই আরও জানান, অন্য অটোরিকশায় ধাক্কা দেওয়ার পর পথচারী ও স্থানীয়রা তাদের দুজনকে গণধোলাইও দেয়।
তিনি জানান, খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে আব্দুল জব্বারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আজ ভোরে তিনি মারা যান। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা করেছিলেন। ইলিয়াসের মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।