আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে দেশের স্বাস্থ্য খাতের অরাজকতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদেরকে অবশ্যই সুস্থ স্বাস্থ্য খাত ফিরিয়ে আনতে হবে।’
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘স্বাস্থ্য খাতে করোনার সময় শাহেদ-সাবরিনার মতো কর্মকাণ্ড ঘটেছে। চিকিৎসা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হয়েছে, চিকিৎসা না পেয়ে অনেকে আবার মৃত্যুবরণ করেছে।’
রিজভী বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপি তা পালন করছে। এই দিবসে আমাদের অঙ্গীকার- স্বাস্থ্য খাতের অরাজকতা ধ্বংস হোক।
র্যালিতে অংশ নেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।