শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে ১২ সাংস্কৃতিক ফেডারেশনের বিবৃতি

মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার এবং জামিন না দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছে দেশের ১২টি সাংস্কৃতিক ফেডারেশন।

একই সঙ্গে সম্প্রতি তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে টিপ পরায় উগ্র পুলিশ সদস্য কর্তৃক হেনস্তার ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়েছে।

সংস্কৃতিকে সংকুচিত করার একটি গভীর ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করেছেন বিবৃতিদাতারা।

বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক আহাম্মেদ গিয়াস গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল নিশানা টাঙিয়ে তথাকথিত মাজারের উপস্থিতি ঘোষণা, ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চ প্রাঙ্গণে সম্প্রতি জামাতে নামাজ আদায়ের সূচনা, দেশের বিভিন্ন মিলনায়তন এবং উন্মুক্ত মঞ্চের পাশে উপাসনালয় বা ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চার পীঠস্থান টিএসসিতে নারী-পুরুষের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারণের দাবি- সবকিছুই সংস্কৃতি চর্চাকে সংকুচিত করার সুপরিকল্পিত অপপ্রয়াস।

বিবৃতিদাতা সাংস্কৃতিক ফেডারেশনের মধ্যে রয়েছে- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার।