ছাতকে বালুর স্তূপে চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীর দ্বীপে বালু উত্তোলনের সময় বালির নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. শামছুল হক (১৪); তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের কোপিয়া গুচ্ছ গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। অন্যজন রুবেল মিয়া (২৬); তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের আলী আমজদ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহরের পাশে সুরমা নদী এলাকায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে বালু উত্তোলনের কাজ করছিলেন শামছুল আলম ও রুবেল মিয়া। এ সময় বালু তুলতে গিয়ে বালুর স্তূপ ধসে দুজনই চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বালুর স্তূপের নিচে পড়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।