ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন শুরু হবে। এবার ভর্তির আবেদন ফি বাড়িয়ে আবেদনের যোগ্যতা কমান হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এ চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন। ৪ জুন কলা অনুষদভুক্ত 'খ' ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিট এবং ১১ জুন 'ঘ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষাও দেশের সাতটি বিভাগীয় শহরগুলোতে হবে।
পরীক্ষা হবে ১০০ নাম্বারে। ৬০ নাম্বার এমসিকিউ, ৪০ নাম্বার লিখিত। উভয়ের জন্য আলাদা করে ৪৫ মিনিট করে ৯০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা। এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নাম্বার যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।
এবারের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আবেদনের যোগ্যতা কমানো হয়েছে। এবার ক ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫-সহ মোট ৮ (আগে ছিল ৮.৫); খ ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩-সহ মোট ৭.৫ (আগে ছিল ৮); গ ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩.৫-সহ মোট ৭.৫ থাকতে হবে (আগে ছিল ৮)। বিভাগ পরিবর্তনের ঘ ইউনিটে নিজ নিজ ইউনিটে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে।
এ ছাড়া চ ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ-৩-সহ মোট ৬.৫ থাকতে হবে (আগে ছিল ৭)।
২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
আবেদনের যোগ্যতা কমিয়ে বাড়ানো হয়েছে ভর্তি আবেদনের ফি। ঢাবিতে ভর্তি আবেদনের জন্য এ বছর ১০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যা গেল বছর ছিল ৬৫০ টাকা।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ৯৫৬ টাকা ৫০ পয়সা, অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ ১৩ টাকা ৫০ পয়সাসহ মোট ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী) যেকোনো শাখায় ফি জমা দেওয়া যাবে।
শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কমিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গত মাসে আসন সংখ্যা ১ হাজার ৪০টি কমানোর অনুমোদন দিয়েছে। এ অনুযায়ী এখন আসনসংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫টি, যা আগে ছিল ৭ হাজার ১২৫টি। অর্থাৎ এ বছর আগের তুলনায় ১ হাজার ৪০ জন কম শিক্ষার্থী ভর্তি হবেন।