রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ছিনতাই করে পালানোর সময় আহত ইলিয়াস (৪৬) নামে এক ছিনতাইকারী মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি ফরিদপুর ভাঙ্গা উপজেলার আলীগ্রামে। বাবার নাম মৃত আবু মোল্লা। সে পরিবার নিয়ে সবুজবাগ বাসাবো এলাকায় থাকত।
যাত্রাবাড়ী থানার এসআই এরশাদ আলম জানান, ইলিয়াস সিএনজিচালিত অটোরিকশাচালক। তবে তার সিএনজি নিয়ে আবদুল জব্বার নামে একজনকে সঙ্গে রেখে ছিনতাই করত। গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে রিকশা আরোহী ফাল্গুনী ইসলাম নামে এক নারীর ব্যাগ টান দেয় তারা। সে সময় অটোরিকশাটি চালাচ্ছিল ইলিয়াস। আর পেছনে বসে ব্যাগ টান দিয়েছিল জব্বার। পরে ওই নারীর চিৎকারে অটোরিকশা নিয়ে তারা দ্রুত পালানোর সময় রাস্তার পাশে থেমে থাকা আরেকটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ইলিয়াস গুরুতর আহত হয় আর আবদুল জব্বার সামান্য আহত হয়। এ সময় পথচারী ও স্থানীয়রা তাদের দুজনকে গণপিটুনি দেয়।