টিকাদান কেন্দ্রে ঢুকে দুই স্বেচ্ছাসেবককে ছুরিকাঘাত

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকার রাবেয়া-আনোয়ার নগর মাতৃসদন হাসপাতালের টিকাদান কেন্দ্রে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই স্বেচ্ছাসেবীকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহতরা হলেন ভলান্টারি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন (৪১) ও তার ছেলে বাবু (১৮)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. জাকির হাসান জানান, রাবেয়া-আনোয়ার নগর মাতৃসদন হাসপাতালে টিকা নিতে আসা লোকজনকে লাইন ধরে টিকা নেওয়ার কাজে সহযোগিতা করতেন স্বেচ্ছাসেবক ইকবাল হোসেন। দুপুর ১টার দিকে স্থানীয় ফয়েজ আহমেদ ও তার ছেলে সোহাগ টিকা নিয়ে সিরিয়াল আগে দেওয়ার অভিযোগ তুলে ইকবালের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়। একপর্যায়ে হাসপাতালে ঢুকে ইকবালের ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায় সোহাগের নেতৃত্বে একদল যুবক। এতে ইকবাল ও তার ছেলে বাবু গুরুতর আহত হয়। অ্যাসোসিয়েশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলেও জানান তিনি।

রাবেয়া আনেয়ার নগর মাতৃসদন হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক পাপিয়া রহমান জানান, টিকা কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত রেখে তারা বিশ্ব স্বাস্থ্যসেবা দিবস উপলক্ষে ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালে প্রবেশ করে ইকবাল ও তার ছেলে বাবুকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।