তিন দফা দাবি নিয়ে গণভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আগামী ১০ এপ্রিল রবিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেবেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন সোহেল তাজ। পোস্টে জানানো হয়, সংসদ ভবনের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) থেকে বিকেল ৪টায় হেঁটে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করবেন তিনি।
সোহেল তাজের দাবি তিনটি হলো : ১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে। ২. ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। ৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।
সোহেল তাজ জানান, এটি তার নিজস্ব উদ্যোগ। তিনি লেখেন, ‘আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন আর না আসলে আমি একাই যাব জয় বাংলা।’