৪৪ দিনেও মারিওপোল দখল করতে পারেনি রাশিয়া, রহস্যটা কী?

ইউক্রেনে হামলা শুরু করার পরপরই দেশটির প্রধান বন্দরনগরী মারিওপোলকে অবরুদ্ধ করে বোমা বর্ষণ শুরু করেছিল রুশ বাহিনী। আজ সেই অবরোধের ৪৪তম দিনে এসে মারিওপোলে শহরটি প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। কিন্তু এখনো সেখানকার ইউক্রেনীয় যোদ্ধারা আত্মসমর্পণ করেনি।

ট্যাঙ্ক বহর নিয়েও রাশিয়া পতন ঘটাতে পারেনি মারিওপোলের। বরং নির্ভুল নিশানায় আঘাত হেনে একের পর এক রুশ ট্যাঙ্ক ধ্বংস করছে ইউক্রেনের সেনারা। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত মারিওপোল এবং নোভা বাসান থেকে এমন ছবিই প্রকাশ করেছে পশ্চিমা সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে এ ভাবেই বন্দর শহর মারিওপোল-সহ বিভিন্ন এলাকায় রুশ আর্মাড ডিভিশনের বহু ট্যাঙ্ক ধ্বংস করেছে ভলোদিমির জেলেনস্কির বাহিনী।

পোশাকি নাম, ‘অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল’ (সামরিক পরিভাষায়, এটিজিএম)। আমেরিকার দেওয়া এটিজিএম জ্যাভলিনের ‘সৌজন্যে’ ইতিমধ্যেই রাশিয়ান সেনার বহু টি-৯০, টি-৭২ ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন। ধ্বংস করেছে রুশ ‘মেকানাইজ্‌ড ইনফ্যান্ট্রি’-র বিএমপি সিরিজের বহু সাঁজোয়া গাড়িও। রাজধানী কিয়েভের অদূরে নোভা বাসান এলাকায় রুশ ট্যাঙ্কের কনভয়ে ইউক্রেন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ড্রোন হামলার ভিডিও ফুটেজও সামনে এসেছে।

যুদ্ধের সূচনাপর্বেই মারিওপোলের দোরগোড়ায় পৌঁছে গেলেও এখনও শহরের দখল নিতে পারেনি রুশ সেনা। সেনা এবং অসামরিক নাগরিক মিলিয়ে সেখানে অন্তত ৫,০০০ ইউক্রেনীয় নিহত হয়েছেন। আটকে রয়েছেন প্রায় পৌনে দুই লাখ সাধারণ নাগরিক। কিন্তু ছেদ পড়েনি প্রতিরোধে। সেনাদের পাশাপাশি আমজনতার একাংশও প্রেসিডেন্ট জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে শামিল হয়েছেন প্রতিরোধে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের ঘোষণার পরেই কৃষ্ণসাগরে মোতায়েন রুশ ‘অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকলগুলো’ থেকে দ্রুত ইউক্রেনের মূল ভূখণ্ডে সেনা অবতরণ শুরু হয়েছিল। পাশাপাশি, ২০১৪ সালে ইউক্রেনের থেকে ছিনিয়ে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ থেকে রুশ বাহিনী এগিয়ে গিয়েছিল আজভ সাগরের তীরবর্তী মারিওপোল দখলের উদ্দেশে। কিন্তু যুদ্ধের ৪৪তম দিনেও পুতিনের অধরা মারিওপোল। রুশ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানের ধারাবাহিক হামলার পরেও চলছে প্রতিরোধের লড়াই।

আরও পড়ুন...

ইউক্রেনে রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩৫

ইউক্রেনে ‘উল্লেখযোগ্য’ সংখ্যক সৈন্য হারানোর কথা স্বীকার করল রাশিয়া

ইউক্রেনের রাজধানী থেকে পিছু হটেছে রুশ সেনারা