ক্ষমতা টিকে রাখতে মুখে মুক্তিযুদ্ধের চেতনা আ. লীগের, বাস্তবে নাই: রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘ভোটাধিকার হরণ করে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করা সরকারের ভয়ংকর পদক্ষেপ। কর্তৃত্ববাদকে সরকার গণতন্ত্রের ওপরে স্থান দিয়েছে। দিনের ভোট রাতে নেওয়া অন্যায়কে সরকারের যৌক্তিকতা দেওয়া অদ্ভুত প্রচেষ্টা। রাজনীতিকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি জাতির জন্য বিপদ ডেকে আনবে। বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু বাকসর্বস্ব চাতুরী হিসেবে ব্যবহার করে, বাস্তবে প্রয়োগ করে না।’

লক্ষ্মীপুরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান শাসন কাঠামোর পরিবর্তন ও সংস্কার ছাড়া ভোটাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শাসন প্রক্রিয়া এবং সমাজদেহে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, দুর্বৃত্ত কেন্দ্রিক যে রাজনৈতিক বন্দোবস্ত করা হয়েছে তা পরিবর্তন করার জন্য জাগরণের প্রয়োজন।

তিনি আরও বলেন, জাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করতে না পারলে সুষ্ঠু নির্বাচনেও রাষ্ট্রক্ষমতা অগণতান্ত্রিক শক্তির হাতে চলে যেতে পারে। এসব ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিদায়ের ঐক্যবদ্ধ আন্দোলন এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই জাতীয় সরকার গঠন করতে হবে। আন্দোলনকারী শক্তিসমূহ ঐকমত্যের ভিত্তিতে গঠন করবে জাতীয় সরকার।

অধ্যক্ষ মনসুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য তানিয়ারব ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেব, জেলা জেএসডির কার্যকরী সভাপতি অধ্যক্ষ হারুনুর অর-রশিদ বাবুল, আবুল হাসেম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, এম এ খায়ের, সিরাজুল ইসলাম, আকবর হোসেন, জহিরুল ইসলাম, লোকমান হোসেন বাবলু প্রমুখ।