রাজধানীতে ২৫৫ মোবাইলসহ চোরাকারবারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থেকে মোবাইল চোরাকারবারি চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ২৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন— শাহাবুদ্দিন আহম্মেদ (২৬), ওমর ফারুক (৪০), আব্দুল আজিজ (২৪), কাওসারুল হক (২৭) ও ফয়সাল হক (৩৬)।

শুক্রবার র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক জানান, বিটিআরসি’র প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভারের মাধ্যমে যাচাই করে জানতে পারে ২৫৫টি মোবাইল ফোন অবৈধভাবে আমদানি করা হয়েছে। পরে র‌্যাব-৪ এর আভিযানিক দল মোবাইল ফোনগুলো জব্দ করে।

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কয়েক বছর ধরে বিভিন্ন দেশ হতে চোরাই পথে অবৈধভাবে মোবাইল ফোন দেশে নিয়ে আসছে। সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে জনসাধারণের কাছে এই মোবাইল বিক্রি করে মুনাফা করছিল।