শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে যত মানুষ আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন তার চেয়েও অধিকসংখ্যক। মহামারী শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে এ তথ্য।
ওয়েবসাইটটির চার্ট বলছে, বৃহস্পতিবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ১১ লাখ ৫২ হাজার ২৮৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের। অন্যদিকে এদিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১২ লাখ ৪৫ হাজার ৯২৫ জন।
গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা সংক্রমণের উল্লম্ফন ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। বৃহস্পতিবারও করোনা সংক্রমণে বিশ্বে শীর্ষ ছিল এ দেশটি। অন্যদিকে কভিডজনিত অসুস্থতায় এদিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭৬১ এবং কভিডজনিত অসুস্থায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪৮ জনের।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৮৪১ জন। এ রোগীদের মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছে ৫ কোটি ৮০ লাখ ৭৫ হাজার ৩৮৩ এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছে ৫৪ হাজার ৫৫৮ জন।