সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিএনপিকে কথা বলতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের লোকজন বিএনপির সব ব্যবসা-বাণিজ্য দখল করে নিয়েছেন। তারা আন্তর্জাতিক বাণিজ্যের নামে লাখ লাখ টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার বিকেলে কাপাসিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলার নবগঠিত ১১টি ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব ভোটারের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আগামী দুই বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে উপজেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।