ময়মনসিংহের গৌরীপুর চরাঞ্চলে ডাকাত সন্দেহে ছয় পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্যরা ওই গ্রামে আসামি ধরতে গিয়েছিলেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে পাঁচজনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা এবং এএসআই মোস্তাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন এসআই শফিক আহমেদ, এসআই এমদাদ, এসআই আওলাদ হোসেন, এএসআই কামরুল ইসলাম, এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই মিজানুর রহমান। গতকাল শুক্রবার বিকেলে গৌরীপুর থানার ওসি আবদুল হালিম খান এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের চরভাবখালীতে বৃহস্পতিবার মধ্যরাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যান সাদা পোশাকে ছয় পুলিশ সদস্য। গ্রামের একটি ঘরে হানা দিলে জুয়া খেলা অবস্থায় দেখতে পায় পুলিশ। তখন ছয়-সাতজন জুয়াড়িকে আটক করে নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছিল।
এ সময় জুয়াড়িরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। একপর্যায়ে মাইক দিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা প্রচার করে লোকজন জড়ো করে। পরে এলাকার লোকজন সত্য-মিথ্যা যাচাই না করেই লাঠিসোঁটা নিয়ে ওই পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবদুল হালিম।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আহমারউজ্জামান জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। পুলিশ এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করবে।