হাফিজ সাঈদকে আরও ৩৩ বছরের কারাদণ্ড দিল পাকিস্তান

মুম্বাই হামলার মূল হোতা জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে সন্ত্রাসে অর্থায়নের দুটি মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। ২০০৮ সালে মুম্বাইয়ের ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য এই সশস্ত্র সংগঠনটিকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত।

তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। এর সঙ্গে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। হাফিজ যে মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ করেছেন তাও দখল নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালে হাফিজকে সন্ত্রাসবাদে মদত দেওয়া সংক্রান্ত একটি আর্থিক মামলায় সন্ত্রাসবাদবিরোধী আদালত ১৫ বছরের কারাদণ্ড দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরের ঠিক আগে ২০১৯ সালে হাফিজকে গ্রেপ্তার করা হয়। সেই সময় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে লেখেন ১০ বছর ধরে তল্লাশির পর সাঈদকে আটক করা হয়েছে।

২০০১ সাল থেকে আটবার গ্রেপ্তার এবং ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা সাজিয়েছিলেন হাফিজ। ওই হামলায় প্রাণ গিয়েছিল ১৬৬ জনের। যাদের কয়েকজন আমেরিকান নাগরিক। সে সময় তার বিষয়ে তথ্য দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

মুম্বাইয়ে হাফিজ সন্ত্রাসী হামলাসহ কোনো ধরনের সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন।

এই মামলায় ২০১৭ সালে, হাফিজ এবং তার চার সহযোগীকে আটক করেছিল পাকিস্তান। কিন্তু পাঞ্জাবের বিচার বিভাগীয় পর্যালোচনা বোর্ড তাদের বন্দিদশার মেয়াদ বাড়াতে অস্বীকার করলে প্রায় ১১ মাস পরে মুক্তি পান তারা।

গৃহবন্দি থাকা অবস্থাতেও তিনি বছরের পর বছর অবাধে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা করে বেড়িয়েছেন।