‘১০ জন’ নিয়ে স্বাধীনতাকে হারাল শেখ রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন দল নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়েছে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া শেখ রাসেল ক্রীড়া চক্র।

শনিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমার্ধেই পয়েন্ট তালিকায় তলানিতে থাকা স্বাধীনতার বিপক্ষে দুই গোলে এগিয়ে যায় শেখ রাসেল।

১৩তম মিনিটে জাল খুঁজে নেন মানিক হোসেন মোল্লা। এর ৭ মিনিট পর পেনাল্টি থেকে শেখ রাসেলের ব্যবধান বাড়ান কিরগিজস্থান জাতীয় দলের ডিফেন্ডার আয়জার আমাতোভ।

কিন্তু ৭৭তম মিনিটে লাল কার্ড দেখেন তিনি। ১০ জনের দল হয়ে পড়ে রক্ষণভাগ সামলাতে থাকে জুলফিকার মাহমুদ মিন্টুর দল। চেষ্টা করেও নির্ধারিত সময় পর্যন্ত গোলের দেখা পায়নি স্বাধীনতা। তবে অতিরিক্ত তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে একটি গোল শোধ দেন উজবেক মিডফিল্ডার নোদির মাভলোনভ।

এই জয়ে চলতি বিপিএলের পয়েন্ট তালিকায় আটে উঠে এলো শেখ রাসেল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে ১১তম স্থানে থাকা স্বাধীনতা।