ব্রেকআপের ১৮ বছর পর বাগদান সারলেন বেন-লোপেজ

১৮ বছর পর আবারও একসঙ্গে দুনিয়াখ্যাত সংগীতশিল্পী, অভিনেত্রী জেনিফার লোপেজ ও পরিচালক, অভিনেতা বেন অ্যাফ্লেক। একটা সময় হলিউডের ‘পাওয়ার কপল’ বলা হতো এই জুটিকে। ২০০৩ সালে তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল; শেষ মুহূর্তে বিয়েটা আর হয়নি।

সময় গেলেও তরুণ জীবনের প্রেমের রেশ হয়তো রয়ে গিয়েছিল দুজনের মধ্যেই। তাই তো ১৮ বছর পর আবারও একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। তারা যে প্রেম করছেন, সে বিষয়টি প্রকাশ্যে এসেছিল আগেই। এবার বেনের সঙ্গে আংটি বদল করে ফেললেন লোপেজ।

ভক্ত-অনুরাগী-অনুসারীদের নিউজলেটারের মাধ্যমে এ কথা জানিয়েছেন লোপেজ নিজেই। শিল্পীর মুখপাত্রও বাগদানের খবরটি নিশ্চিত করেছেন।

গত বছর অ্যালেক্স রডরিগেজের সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টেনেছেন জেনিফার। অন্যদিকে ২০২০-এর জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বেনের।

রডরিগেজের সঙ্গে ব্রেকআপের পর থেকেই বেনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে লোপেজের। এরপর কখনেও প্রমোদতরীতে, আবার কখনও জিমের মধ্যে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে বেন-লোপেজকে।

গত বছরের মেট গালায় মাস্ক পরেই ঠোঁটে ঠোঁট রেখেছিলেন দুজনে। চলতি সপ্তাহে লোপেজের আঙুলে হীরের আংটি দেখার পর থেকেই শুরু জল্পনার। সেই জল্পনা এবার সত্যিতে পরিণত হলো।

বেন অ্যাফ্লেকের সঙ্গে ব্রেকআপের পর ২০০৪ সালে মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। তাদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে ২০০৫ সালে জেনিফার গার্নেরকে বিয়ে করেছিলেন বেন। সাবেক এ জুটির ঘরে আছে তিন সন্তান।