সহকারী শিক্ষক স্ত্রীর মৃত্যুতে প্রধান শিক্ষক স্বামী আটক

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূরবী ইসলামের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কোলারহাট গ্রামের বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি  কোলারহাট সদরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের স্ত্রী। পুলিশ ফরহাদ হোসেনকে আটক করে আদালতে পাঠিয়েছে।

নিহতের মেয়ে মাইশা ফারজানা জানান, তিনি ফরিদপুরে পড়ালেখা করেন। শুক্রবার সারা দিন মায়ের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার কথা বলেছেন। তার মা রোজা ছিলেন। রাতে যখন মাকে ফোন দেন তখন ফোন রিসিভ হয়নি। পরে তার ভাইকে  ফোন দেন। তার ভাই জানায় মা দরজা বন্ধ করে নামাজ পড়ছেন। তিনি তখন তার ভাইকে বলেন, মা তো দরজা বন্ধ করে নামাজ পড়ে না। এ কারণে ভালো করে দেখতে বলেন। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে তার মাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের ভাই মেহেদী হাসান জানান, তার বোন-ভগ্নিপতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এছাড়া ভাগ্নেও বোনকে মাঝে মধ্যে নির্যাতন করত। বাবা-ছেলে মিলে তার বোনকে প্ররোচনা দিয়ে আত্মহত্যা করিয়েছে বলে দাবি করেন মেহেদী।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, স্বামী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।