বালাসি-বাহাদুরাবাদ রুটে লঞ্চ সার্ভিস উদ্বোধন

গাইবান্ধার বালাসি-জামালপুরের বাহাদুরাবাদ রুটে লঞ্চ সার্ভিস গতকাল শনিবার থেকে চালু হয়েছে। দুপুরে পরীক্ষামূলকভাবে লঞ্চ সার্ভিসের উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে মন্ত্রী বালাসি নৌটার্মিনাল ভবনের উদ্বোধন এবং টার্মিনাল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে নৌপথ ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১০০ বছরের বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই রুট চালু হওয়ায় আসন্ন ঈদে পরিবহনে চাপ কমবে। তাই এটি দ্রুত চালু করা হলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম খান, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ প্রমুখ।