দেশে শহরে বসবাসকারী মোট জনসংখ্যার ৪ দশমিক ৪৯ শতাংশ পুরুষ ও ২ দশমিক ১৪ নারী ‘অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া’ রোগে আক্রান্ত। অর্থাৎ ঘুমে শ্বাস-প্রশ্বাস বন্ধ রোগে নারীর তুলনায় পুরুষ রোগী দ্বিগুণের বেশি।
যুক্তরাষ্ট্রে শতকরা ৪ ভাগ পুরুষ ও ২ ভাগ নারী এ রোগী আক্রন্ত ।
তবে এখনও এ রোগের ৯০ শতাংশ রোগী চিকিৎসার আওতার বাইরে রয়েছেন। এ রোগ মানুষের জন্য একটি নীরব ঘাতক। এ রোগের ফলে মানুষের রেসপিরটারি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক ফেলিউরের মতো জটিলতায় মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নীরব ঘাতক রোগ ‘অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া’ বিষয়ক শীর্ষক সেন্ট্রাল সেমিনারে এ তথ্য জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তারা বলেন, ঘুমের মধ্যে কিছু সমেয়র জন্য শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় স্লিপ এপনিয়া। এ জন্য চিকিৎসকের কাছে আসলে সব রোগীর ঘুমের হিস্ট্রি নেয়ার দরকার।
সেমিনারের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, যাদের নাক ডাকার সমস্যা আছে, ঠিক মতো ঘুম হয় না, শরীর স্থূলাকার তারা এ ধরণের রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ রোগের চিকিৎসা রয়েছে। আমাদের এখানে এ রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা হচ্ছে।
এ ধরনের লক্ষণ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।
এ রোগের চিকিৎসা প্রসঙ্গে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, ‘স্লিপ এপনিয়া সারাবিশ্বের একটি অবহেলিত ঘাতক ব্যাধি। এ রোগ সম্পর্কে মানুষ জানে না। তাদের এ সম্পর্কে সচেতন করতে হবে। আমাদের দেশে এ রোগ সম্পর্কে চিকিৎসক ও রোগীদের মধ্যে আরো সচেতনতার প্রয়োজন রয়েছে। আমাদের এখানে দুটি স্লিপ ল্যাব রয়েছে। গত পাঁচ বছর ধরে এখান থেকে আমরা স্লিপ এপনিয়া রোগীদের চিকিৎসা দিয়ে আসছি।
ক্ষেত্র বিশেষে কোনো কোনো রোগীর দিতে সার্জারির প্রয়োজন হয় বলে জানান তিনি।
তিনি বলেন, সচেতনতার জন্য প্রত্যেক চিকিৎসকের উচিত রোগীর হিস্ট্রি নিতে হবে। কম করে হলেও মাত্র ত্রিশ সেকেন্ড সময় বেশি ব্যয় করে চিকিৎসকদের উচিত রোগীর ঘুমের হিস্ট্রি নেয়া। এ রোগের ফলে মানুষের রেসপিরটারি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক ফেলিউরের মতো জটিল রোগ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদ হোসেন, নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, সেমিনারে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম, অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন সিদ্দিকী।