রবীন্দ্র পুরস্কার পেলেন অর্থনীতিবিদ আতিউর রহমান

বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার-২০২১’-এ ভূষিত হয়েছেন রবীন্দ্র-গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ড. আতিউর রহমানের হাতে পুষ্পস্তবক, সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকার চেক তুলে দেন সেলিনা হোসেন ও মুহম্মদ নূরুল হুদা।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে ড. আতিউর রহমান বলেন, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার-প্রাপ্তি তার জীবনের বিশেষ অর্জন। এ পুরস্কার রবীন্দ্রগবেষণা ও চর্চায় তাকে আরও নিবিড়ভাবে নিবিষ্ট হওয়ার প্রেরণা জোগাবে।

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৎ গবেষক।’