টাঙ্গাইলের সখীপুরে কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে আলমারির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধার (৫৬) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ইফতারের পর হালকা ঝড়-বৃষ্টি শুরু হয়।
একপর্যায়ে ঝড়ের গতি বাড়লে সন্ধ্যা সাতটার দিকে বৃদ্ধার বসবাসের ঘরটি ভেঙে পড়ে। ঘরের চালের চাপায় ভেতরে থাকা স্টিলের আলমারিটি ওই বৃদ্ধার উপর পড়লে তিনি মারা যান। ওই বৃদ্ধা উপজেলার কালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. কিসমত আলীর মা।
নিহতের ছেলে ইউপি সদস্য মো. কিসমত আলী বলেন, আমার থাকার ঘরের পাশের ঘরটিতেই মা থাকতেন। ঝড়-বৃষ্টির মধ্যেই চিৎকারে শুনে মায়ের ঘরে দৌড়ে গিয়ে দেখি, মা আলমারির নিচে চাপা পড়ে আছেন। উদ্ধারের সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে রবিবার সন্ধ্যার ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।