ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তার ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, আমাদের ইতিহাসে এর আগে আর কখনো মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে এবং এতো বেশি সংখ্যায় রাস্তায় নেমে আসেনি।
সোমবার এক টুইট বার্তায় একথা বলেন ইমরান খান। টুইটে ইমরান খান বলেন, ‘স্থানীয় মীরজাফরদের জামিনে মুক্ত করে ক্ষমতায় আনার জন্য মার্কিন-সমর্থিত সরকার পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদে সমর্থন এবং আবেগের আশ্চর্যজনক প্রকাশের জন্য সমস্ত পাকিস্তানিদের ধন্যবাদ জানাই’।
এরপর আরেকটি টুইটে ইমরান খান বলেন, ‘দুর্বৃত্তদের নেতৃত্বে আমদানি করা সরকারকে প্রত্যাখ্যান করতে আমাদের ইতিহাসে এর আগে আর কখনো মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে এবং এত সংখ্যায় রাস্তায় নেমে আসেনি’।
রবিবার রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে এই বিক্ষোভ হয়েছে। গোটা পাকিস্তানজুড়ে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার, লাহোর, মালাকান্দ, জং, কোয়েটা, ওকারা ও অ্যাবোটাবাদসহ অন্য বড় শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।