দুই কৃষকের আত্মহত্যা: নিমঘটুর সাঁওতালরা ঘেরাও করল বরেন্দ্র ভবন

দুই আদিবাসী কৃষকের বিষ পানে মারা যাওয়ার ঘটনায়, তাদের পরিবারসহ রাজশাহীর গোদাগাড়ীর নিমঘটু গ্রামের সাঁওতাল কিষান-কিষানিরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সদর দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে প্রায় তিন কিলোমিটার হেঁটে শিশুসন্তানদের সঙ্গে নিয়ে কয়েক শত নারী-পুরুষ বরেন্দ্র ভবনের সামনে আসেন। এ সময় প্রধান ফটকে তাদের বাধা দেয় পুলিশ।

এর আগে সকালে তারা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও) এতে সহযোগিতা করে।

এ ছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে সেচ কার্যক্রমের অব্যবস্থাপনা ও অনিয়মের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএমডিএ কর্তৃপক্ষকে তদন্তের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ, নলকূপ পরিচালনার ক্ষেত্রে কৃষকবান্ধব নীতিমালা প্রণয়ন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলোতে নলকূপ অপারেটর হিসেবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ও প্রান্তিক কৃষকদের পর্যাপ্ত পরিমাণে সেচের পানি নিশ্চিতের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে পানি ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার এবং সিসিবিভিও প্রতিনিধি মো. আরিফ বলেন, দুই কৃষকের মৃত্যুকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। বিএমডিএ দায় এড়ানোর চেষ্টা করলে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ীর নিমঘটু গ্রামের কৃষক অভিনাথ মারানডি ও তার চাচাতো ভাই রবি মারানডি বিষ পান করলে তাদের মৃত্যু হয়।

পরিবারের দাবি, বিএমডিএর গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেন দুই কৃষকের বোরো ধানের জমিতে পানি দিচ্ছিলেন না। তাই তারা নলকূপের সামনেই বিষ পান করেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে সাখাওয়াতের বিরুদ্ধে থানায় আত্মহত্যার প্ররোচনার দুটি মামলা করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর বিএমডিএ তাকে চাকরিচ্যুত করে।

অভিযোগ আছে, দুই কৃষকের মৃত্যুর পরে তাদের জমিতে লোকদেখানো পানি দেওয়া হয়েছিল। এখন ধানের শিষ বের হচ্ছে। এই সময়ে ওই দুই কৃষকের ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে।