টিকাকেন্দ্রে জাবি শিক্ষার্থীদের মারধর, গ্রেপ্তার ৩

সাভারে করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। গত রবিবার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই এসএম শাহারিয়ার জানান, রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) কেন্দ্রে টিকা নিতে গিয়ে দুই শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন মামলাটি করেন। রাতেই সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার শাখাওয়াত হোসেনের ছেলে আকিব হোসেন নুর (১৯) একই মহল্লার আসাদুল হকের ছেলে সাব্বির হোসেন (২২) ও কাতলাপুর মহল্লার অশোক কুমার দাসের ছেলে অর্ঘ্য অর্পণ দাসকে (২১) গ্রেপ্তার করা হয়।