কণ্ঠশিল্পী আসিফ আকবরের মামলার কার্যক্রম স্থগিত

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলার কার্যক্রম স্থগিত করেছে উচ্চ আদালত। গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের করা এ মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে আসিফ আকবরের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশ দেয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মঈন ফিরোজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি। রাষ্ট্রপক্ষের আইনজীবী সামিরা তারান্নুম দেশ রূপান্তরকে বলেন, ‘তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে আপিল করেছিলেন আসিফ আকবর। আদালত তার আপিলটি গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত করেছেন।’